অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযানের দাবী ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর :  দেশের অন্যতম শীর্ষ ধান-চাল উৎপাদনকারী জেলা নওগাঁয় হঠাৎ করে প্রতি কেজি চালের দাম বেড়ে গেছে ৬টাকা করে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে৪-৫ টাকা আর খুচরা বাজারে বেড়েছে৬-৭টাকা।
ভরা মৌসুম সত্ত্বেও মজুতবিরোধী অভিযান না থাকায় মিলারদের সিন্ডিকেট চালের দাম বাড়িয়েছে বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ীরা। হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের মজুত নীতিমালার তোয়াক্কা না করে অসাধু মজুতদার ও কর্পোরেট চাল ব্যবসায়ীরা বেশি পরিমাণে ধান কিনে মজুত করে রেখেছেন। কৃষকের ধান সাধারণ মিলারদের হাতে একেবারে নেই বললেই চলে। যার নেতিবাচক প্রভাব পড়েছে চালের বাজারে।
শহরের আড়তদারপট্টির পাইকারি চাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে পাইকারি পর্যায়ে মানভেদে প্রতি কেজি চালের দাম৪-৫ টাকা বৃদ্ধি পেয়ে জিরাশাইল ৭০-৭৫ টাকা, কাটারিভোগ ৬৪-৬৮, শুভলতা ৬০-৬২ টাকা, ব্রি আর-২৮ চাল ৬২-৬৪ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৫-৫৬ টাকা দরে বিক্রি করছেন মিল মালিক ও আড়তদাররা। এক সপ্তাহ আগে এই মোকামে মানভেদে প্রতি কেজি জিরাশাইল ৬৬-৬৮ টাকা, কাটারিভোগ ৬২-৬৪ টাকা, শুভলতা ৫৭-৫৮ টাকা, ব্রি আর-২৮ জাতের চাল ৫৯-৬০ টাকা এবং স্বর্ণা-৫ চাল ৫৩-৫৪ টাকা করে বিক্রি হয়েছিল।
অপরদিকে নওগাঁ পৌর ক্ষুদ্র চালবাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে কেজি প্রতি ৬-৭টাকা বেড়ে জিরাশাইল ৭৫-৭৮ টাকা, কাটারিভোগ ৭০-৭৫ টাকা, শুভলতা ৬২-৬৪ টাকা, ব্রি আর-২৮ চাল ৬৫-৬৬ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই বাজারে প্রতি কেজি জিরাশাইল ৬৮-৭০ টাকা, কাটারিভোগ ৬৫-৬৮ টাকা, শুভলতা ৫৯-৬০ টাকা, ব্রি আর-২৮ চাল ৬২-৬৩ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৫৫-৫৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
 জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানান, চালের বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান জোরালো পদক্ষেপ নেই। যার ফলে বাজারে এই নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা না থাকায় চালের দাম হু হু করে বাড়ছে। বাজারে স্বস্তি ফেরাতে চাইলে ধান-চালের অবৈধ মজুতদারদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *