কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন জনের কারাদণ্ড

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিন জনকে ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সাবদিয়া গ্রামের  মৃত গোলাম রব্বানীর ছেলে আশিকুর রহমান (৫০) ও গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫) গত মঙ্গলবার বিকেলে পৌরশহরের সাবদিয়া শ্মশান সংলগ্ন এলাকায় বসে গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজা ও ইয়াবা সেবনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উভয়কে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা আদায় করেছেন৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিনজনকে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক কারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদক কারবারিদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।মাদকের বিরুদ্ধে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *