খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার (৫ই আগষ্ট) সকালে জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে” পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, কেসিসি’র প্রশাসক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

জুলাই-শহীদদের জন্য বাদজোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তা-সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

 

দিবসটি উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে নগরভবনে শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথি বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থান একটি গণআন্দোলনই নয়, এটি একটি পূনর্জাগরণ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অর্জন ধরে রাখার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *