জাতীয় প্রেসক্লাবে হেযবুত তওহীদের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চৈতী প্রতিবেদক :  হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মাদ সেলিম বলেছেন, প্রচলিত বিচারব্যবস্থা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আদালত, আইনজীবি ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরে মানুষের নাভিশ্বাস ওঠে গেছে। ব্রিটিশদের রেখে যাওয়া এই ব্যর্থ ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেয়া বিচারব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
শনিবার (০৭-০২-২০২৫) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা রক্ষার রূপরেখা’ শীর্ষক এই বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এসময় ইমাম সেলিম বলেন, মূলত দু’টি কারণে আমরা প্রচলিত বিচারব্যবস্থা নিয়ে আপত্তি জানাচ্ছি। প্রথমত আমরা বিশ্বাস করি, যে ব্যাপারে আল্লাহর দেয়া কোনো বিধান বা হুকুম রয়েছে, সে অন্য কারো বিধান আমরা মানতে পারি না। এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক। প্রচলিত বিচারব্যবস্থা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হচ্ছে না, বরং ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের রেখে যাওয়া বিধি-বিধানের আলোকে পরিচালিত হচ্ছে। দ্বিতীয়ত, প্রচলিত এই ব্যবস্থা মানুষকে ন্যায়বিচার দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আদালতে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে। একটি মামলার রায় পেতে যুগ যুগ অপেক্ষা করতে হচ্ছে, তারপরও মানুষ সঠিক বিচার পাচ্ছে না।
তিনি আরো বলেন, শুধু বিচারব্যবস্থা নয়, বরং রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে আল্লাহর বিধান কার্যকর করার প্রস্তাব দিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ। চলমান অন্যায়, অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়- আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা, এমনটাই মন্তব্য করেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
সকাল ১০ টায় শুরু হওয়া এই গোলটেবিল বৈঠকে আরো অংশ নেন বিচারপতি এমদাদুল হক আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডিএজি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি গোলাম মোহম্মদ চৌধুরী আলাল, সাবেক ডিএজি অপূর্ব কুমার ভট্টাচার্য, ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল হাই, এ্যাড এ এস এম হাসান জহির, এ্যাড. মোরসেদুল ইসলাম সিকদার, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইলা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *