নেত্রকোণার দুর্গাপুরে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা দু:স্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সমৃদ্ধি উন্নয়ন মেলা,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,ডিএসকে রিসোর্স সেন্টার এর ব্যবস্থাপক মোরশেদ আলম,প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং ওয়াইএমসিএ এর সম্পাদিকা লুদিয়া রোমা সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার।

সমৃদ্ধি উন্নয়ন মেলায় সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের স্টল স্থাপন করা হয়। এতে পুষ্টি কর্ণার,বাল্য বিবাহ সচেতনতা স্টল,স্বাস্থ্যসেবা স্টল,দেয়ালিকা,ফটো গ্যালারী,পিঠা স্টল সহ বিভিন্ন স্টল দেখা যায়। এসব স্টল পরিদর্শন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা সেবা সম্পর্কে অবগত হন।

এই আয়োজনে বিকেলে নাচ,গান,কবিতা আবৃত্তি,দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সমৃদ্ধি উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে আলোচনা পর্বে অতিথিরা বলেন,সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে সামাজিক ও মানবিক কাজ সম্পন্ন হচ্ছে। প্রত্যন্ত গ্রামে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে বিনাখরচে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। চক্ষু ক্যাম্পের মাধ্যমে ফ্রিতে রোগীদের ছানি অপারেশন সহ চিকিৎসা প্রদান করা হচ্ছে। বাল্যবিবাহ বন্ধে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। আরো রয়েছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ। এছাড়া কৈশোর কর্মসূচির মাধ্যমে কিশোর কিশোরীদের মেধা-মনন ও শারীরিক সুষম বিকাশে কার্যক্রম চলমান আছে।

এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে,তারা সচেতন হচ্ছে। সমৃদ্ধি কর্মসূচি মানুষের কল্যাণে বহুমুখী ভূমিকা রাখছে।

মেলার শেষ পর্বে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *