মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি হাওলাদার (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারের কাজ অব্যাহত থাকলেও শুক্রবার বিকাল পর্যন্ত তার সন্ধান মিলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় এলাকাবাসী উদ্ধারের কাজ চলমান রেখেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি হাওলাদার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিত হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিল। তাদের নৌকাটি এক সময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করেই নৌকা থেকে রনি হাওলাদার নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা রনির সঙ্গের লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করে।
মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোর রনি হাওলাদারকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে।