মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বোতলগুলি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এই সিরাপগুলো উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত এই মাদকের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৫৩,২০০/- (তিপ্পান্ন হাজার দুইশত) টাকা।