মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বোমা বানানোর কারিগর ফকরুল আলম পল্টু নিজের বোমায় নিজে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। থানার পুটখালী ইউনিয়ন এর বারোপোতা খলসী মাঠে সোমবার (৫ অক্টোবর) বেলা ২ টার সময় বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরনে বোমা বানানোর কারিগর ফকরুল এর ডান হাতের আঙ্গুল উড়ে যায় এবং একটি চোখ নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা জানায় সামনের নির্বাচনকে কেন্দ্র করে সে কারো পক্ষে হয়ে এ বোমা তৈরী করতে গিয়ে নিজের বোমায় নিজে গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকা স্থানান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের জানায় বারোপোতা খলসী মাঠের মাঝে এরকম একটি ঘটনা ঘটেছে। তার ডান হাতের আঙ্গুল ও একটি চোখ নষ্ট হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছে।
বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, আমরা ওই বিষয়টা দেখছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শুনা গেছে বোমা যিনি বানাতে গিয়েছিলেন তিনার একটি হাত উড়ে গেছে। বোমা বানানোর কারিগরকে খুজে পাওয়া যাচ্ছে না। খোজ পেলে বিস্তারিত জানা যাবে।