মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: শুক্রবার (৩০ জানুয়ারি) নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার,ইউএনও মো. আরিফুজ্জামান,সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা , জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।