মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে ICNA Relief Canada-এর অর্থায়নে ও শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সহযোগিতায় নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে রমজান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ মকবুল হুসাইন এবং শার্শা ইউনিয়ন আমীর মাওলানা আবু ইয়াহইয়া।
এ সময় শার্শা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, “রমজানের মতো পবিত্র মাসে শার্শা উপজেলার ২০০ দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ICNA Relief Canada-এর এই মানবিক উদ্যোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শার্শার প্রতিটি দরিদ্র পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।”
বেনাপোল থেকে আগত উপকারভোগী সাহেব আলী বলেন, “আমরা আগে কখনো এ রকম সহযোগিতা পাইনি। মাওলানা আজীজুর রহমান এমপি হওয়ার পর এই সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত।”
ডিহি ইউনিয়নের বাসিন্দা জোহরা খাতুন বলেন, “পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছিলাম। আজ এই খাবারগুলো পেয়ে আমি অনেক খুশি।”
এ ধরনের মানবিক ও সেবামূলক উদ্যোগ রমজান মাসে দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।