মাগুরা মহম্মদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা  প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলনঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঝামায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শতবর্ষী এ মেলাকে ঘিরে সকাল থেকেই উৎসুক মানুষের ঢল নামে। ০৩ অক্টোবর ২০২৫ ইং, খ্রিস্টাব্দে। দুর্গাপূজার পরের দিন প্রতিবছর নিয়মিতভাবে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা এখন স্থানীয়দের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
নদীর বুকে সারিবদ্ধ নৌকা, মাঝিদের তালে তালে বৈঠার টান আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য নৌকাবাইচের মতো উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে এবং আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও হাজারো দর্শক উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *