রাজধানীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শারমিন সুলতানা চৈতী প্রতিবেদক : শনিবার (৭ মার্চ) বিকেলে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“তওহীদে ঐক্য: দ্বীন প্রতিষ্ঠার অনিবার্য শর্ত” প্রতিপাদ্যের উপর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ঢাকা বিভাগীয় সভাপতি জাকারিয়া মাহাথির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহ যেমন রোজা ফরজ করেছেন তেমনি সমাজে ন্যায় শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রামও ফরজ করেছেন। আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতনের শিকার হচ্ছে তার কারণ আমরা সংগ্রাম ছেড়ে দিয়েছি এবং ঐক্য নষ্ট করেছি। এখন পুনরায় তওহীদে ঐক্যবদ্ধ হয়ে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে নামতে হবে।”
তিনি সকল ঘরানার মুসলমানকে ফেরকা-মাজহাবের ভিন্নতা ভুলে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, নারী বিষয়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন এবং হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদউল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *