ভাবি-দেবর ঐক্যবদ্ধ হয়েই জাতীয় পার্টিকে রক্ষা করবেন

কালের সংবাদ ডেস্কঃ দ্বিধা-বিভক্তি না হয় ও ভুল বুঝাবুঝির অবসানের লক্ষ্যে  জিএম কাদেরের সঙ্গে বসবেন রওশন এরশাদ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভাবি-দেবর ঐক্যবদ্ধ হয়েই জাতীয় পার্টিকে রক্ষা করবেন এবং নির্বাচনে অংশ নেবেন। অন্য রাজনৈতিক দল থেকে যাতে জাতীয় পার্টিতে অংশ নেন অনেকে সেই উদ্যোগও নেবেন তারা। সেই লক্ষ্য নিয়েই জিএম কাদেরের সঙ্গে বৈঠক করতে চান রওশন এরশাদ। গতকাল রবিবার বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে রওশন এরশাদ কথা বলেন এবং দলকে রক্ষার জন্য বিভিন্ন কৌশলের কথা জানান। তিনি বলেছেন, পার্টিকে বিভক্ত করার প্রশ্নই ওঠে না। আমি সবসময় জাতীয় পার্টির ঐক্য চাই। পাঁচ মাস চিকিৎসার পর দেশে ফিরেছেন বিরোধীদলীয় এই নেতা। বিরোধী দলের এই উদ্যোগের কথা জানানোর পর দলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে রওশন এরশাদের দেশে ফেরা ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের হোটেল ওয়েস্টিন পর্যন্ত সড়কদ্বীপ ও রাস্তার দুই পাশে লাগানো হয়েছে রংবেরঙের ব্যানার। এ ছাড়া নগরজুড়ে লাগানো হয়েছে নানা রঙের ব্যানার-ফেস্টুন। দলীয় নেতাকর্মীদের নামে ছাপানো পোস্টারও লাগানো হয়েছে নগরীর বিভিন্ন স্থানে। গতকাল রবিবার সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। রওশন এরশাদ ভিআইপি লাউঞ্জের বাইরে এলে মুহুর্মুহু স্লোগানে, করতালিতে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। ভিআইপি লাউঞ্জে বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান, সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যার অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মনিরুজ্জামান টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, আমেনা হাসান, মনোয়ারা তাহেরা মানু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *