শার্শা সীমান্ত থেকে বিপুল পরিমান গরু মোটাতাজাকরন ডেক্সন ট্যাবলেট উদ্ধার

মোঃ আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিরোধ:  যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ঔষধ এবং মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২৭ হাজার ২২০ পিস ভারতীয় DEXON ট্যাবলেট এবং ৪২ বোতল মদ উদ্ধার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে চোরাচালানি মালামাল ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭,২২০ পিস ভারতীয় ডেক্সন (DEXON) ট্যাবলেট এবং ৪২ বোতল মদ জব্দ করা হয়।

২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর। দেশের সীমান্ত সুরক্ষায় এবং মাদক নির্মূলে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জব্দকৃত মাদক ও ঔষধের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *