শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে কপোতাক্ষ নদে অতিরিক্ত কচুরিপানা জমে কাঠের ব্রিজটি হুমকির মুখে পড়েছে। ব্রিজের নিচে কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে ব্রিজটির কাঠামোগত ক্ষতির আশঙ্কা এবং নদের পানি প্রবাহে বাধাগ্রস্থ দেখা দিয়েছে। এমন খবর পেয়েই গত বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে ব্রিজটি পরিদর্শন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। ওইসময় তিনি ব্রিজটি ও নদের আশপাশ এলাকা ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্থানীয়রা জানান, এই কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিনই দুই উপজেলার শতশত মানুষ চলাচল করে থাকে। দ্রুত নদের কচুরিপানা পরিষ্কার ও ব্রিজটি রক্ষা না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি। জনদুর্ভোগ লাঘবে ও কপোতাক্ষ নদের উপরে কাঠের ব্রিজটি রক্ষা করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কপোতাক্ষ নদের সাগরদাঁড়ী এলাকায় বেশ কচুরিপানা জমে গেছে। এতে ব্রিজের স্থায়িত্ব কিছুটা হুমকির মুখে পড়েছে। বিষয়টি গুরুত্বের সহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমূখ।