তছলিম্ দ্দীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ এর উদ্যোগে তৃতীয় লিঙ্গের(হিজড়া) মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁর সাপাহার উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ।
১৫ মার্চ ২০২৬, রবিবার সকাল ১০টায় সংগঠনটির পক্ষ থেকে উপজেলার তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভাই-বোনদের বাসায় বাসায় গিয়ে তাদের মাঝে এই ইফতার, ঈদ সামগ্রী ও কিছু হাদিয়া প্রদান করা হয়।
হাদিয়া ঈদ সামগ্রী পেয়ে তৃতীয় লিঙ্গের ভাই-বোনরা গভীর আনন্দ প্রকাশ করেন। তৃতীয় লিঙ্গের হিরা/(চামেলী), বেলাল, রুপালীরা বলেন, এ পর্যন্ত কেউ তাদেরকে এভাবে সম্মান দিয়ে কিছু উপহার দেয়নি। তারা আরও জানান, জীবনে একবার শুধু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কম্বল পেয়েছিলেন; কিন্তু এভাবে আন্তরিকতা ও সম্মানের সাথে কেউ তাদের পাশে দাঁড়ায়নি।
তারা সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদ–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনটি যেন ভবিষ্যতেও তাদের পাশে থাকে এবং সমাজে মানবিক সহমর্মিতার এই ধারা অব্যাহত রাখে।
সংগঠনের সভাপতি মাও. হাফেজ ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সম্পাদক মুফতি মাও জহির রাহায়ান সহ নতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মানবিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। সেই দায়বদ্ধতা থেকেই পবিত্র রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের পক্ষ থেকে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে তৃতীয় লিঙ্গের ভাই-বোনদের জন্য নিয়মতান্ত্রিকভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
সাপাহার উপজেলায় বসবাসকারী ১৩টি তৃতীয় লিঙ্গের (হিজড়া) পরিবারের মধ্যে ঈদসামগ্রী ও হাদিয়া প্রদান করেন সংস্থাটি। স্থানীয় ও সচেতন মহলের মতে, এই উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ইসলামী মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিষদের এই কর্মকান্ডক সকলে সাধুবাদ জানিয়েছেন।