মোহাম্মদ আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি: শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নওগাঁর নওজোয়ান মাঠে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মাজলিসুল মোফাচ্ছিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন।
জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ সাধারণ মানুষ অংশ নেয়।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, বিএনপি মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, তানজিম বিন বারী, সাদনান সাকিব, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে৷ হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন৷ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিল।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। অতীতে নওগাঁতে যারা মানুষের ওপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে নওগাঁর শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে।