মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর (৩০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর নজিপুর সরকারি কবরস্থানে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে এবং রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকায় বসবাস করতেন। রুমীর দুই বোন ও এক ভাই রয়েছে। ছোটবেলায় তার মা মারা গেলে তিনি ভাই ও চাচাদের সঙ্গে বড় হয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী রুমীর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন ছাত্রীবাস থেকে বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠায় এবং রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।