শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ যশোরের কেশবপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার (২৮ জুলাই) সকালে পৌর শহরে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পূর্ব ও কেশবপুর উপজেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কেশবপুর পৌর ইসলামি ছাত্র শিবিরের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিপুল কবির, প্রধান আলোচক ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, ইসলামি ছাত্র শিবিরের যশোর জেলা পূর্বের সেক্রেটারি মিনারুল ইসলাম, অর্থ সম্পাদক আবু জাফর হোসেন, কেশবপুর পশ্চিম শাখার সভাপতি খায়রুল ইসলাম, কেশবপুর পূর্ব শাখার সভাপতি বোরহান উদ্দিন সহ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান আলোচক উপজেলার জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী বলেন, একজন সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবী শিক্ষার্থীরাই জাতির প্রেরণার উৎস।
সভাপতির বক্তব্যে রুস্তম আলী বলেন, মেধাবীদের অনুপ্রাণিত করার পাশাপাশি নিজেদের দায়বদ্ধতা থেকেই ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখা অদম্য মেধাবীদের সংবর্ধনার আয়োজন করেছে।
ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাঈদ বলেন, মেধাবীদের ভালো রেজাল্ট করার পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে। অভিভাবক ও শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের ভালো রেজাল্ট নয়, তাদের নৈতিক দিক থেকেও গড়ে তুলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।