কেশবপুর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার 

শামীম আখতার (যশোরের) কেশবপুর: যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কেশবপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রশিদ (৪২), সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহমত আলী (৪৫) ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি রজব আলী গাজী (৪২)।

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আবুল খায়ের গাজীর ছেলে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রশীদ (৪২) কে গ্রেফতার করেছে। গত ২০২৪ সালের ২৯ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-০৭।

অপরদিকে দোরমুটিয়া গ্রামের মৃত মনির উদ্দিন মোড়লের ছেলে ৬নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহমত আলী (৪৫) এবং কালিয়ারই গ্রামের মৃত ওহাব আলী গাজীর ছেলে বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি রজব আলী গাজী (৪৩) কে গ্রেফতার করেছে। গত ২০২৪ সালের ১২ ডিসেম্বরে থানায় সুফলাকাটি ইউনিয়নে মারামারি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-০৬।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *