খুলনায় এনসিপি নেতাকে গুলি: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

মো আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক শীর্ষ নেতা গুরুতর আহত হওয়ার ঘটনার পর যশোর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার (৪২)। এ ঘটনার পরপরই হামলায় জড়িত পলাতক আসামিরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি শুরু করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থান সাময়িকভাবে সিলগালা করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মোঃ মোতালেব সিকদারের ওপর হামলার ঘটনায় জড়িত কেউ যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *