সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কেশবপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা, খুলনায় মসজিদের ইমাম এবং ঢাকার মিটফোর্ডে সোহাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কেশবপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ জুলাই) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে পৌর শহরের ত্রিমোহিনী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর উপজেলা কমিটির সদস্য মাহাফুজ হাসান ইমন, শিক্ষার্থী বোরহান উদ্দিন প্রমূখ। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন। শ্লোগান হলো, চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না। রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই। আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফিরিয়ে দে। 

সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে চাঁদাবাজি, ধর্ষণ, সহিংসতা, সন্ত্রাস ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা জেগে উঠেছে। প্রশাসন যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে ছাত্র জনতা রাস্তায় নামবে। রক্তে রঞ্জিত জুলাই আমরা আর দেখতে চাই না। ঢাকার মিটফোর্ডে সোহাগসহ সারাদেশে বিভিন্ন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা পালনের আহবান জানান বক্তারা।

সমাবেশে তামিম হাসান তপু, নুরুল্লাহ, বাবু বিশ্বাস, রাসেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *