সিরাজগঞ্জ শাহজাদপুরে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন ১৫ জনকে কারাদন্ড

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতায় সাব্বির হোসেন হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের আদেশ পাওয়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।

রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা কয়েক আসামির উপস্থিতিতে দন্ডাদেশ দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো: কুনু, ইদ্রিস আলী ওবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

এছাড়াও রাউতারা গ্রামের মো: আব্দুর রহিমকে ২ বছর, পোতাজিয়ার নাজমুল,  আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলী প্রত্যেকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. গোলাম সরওয়ার খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদী ও তার পরিবাররে উপর হামলা চালায়। এ সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাব্বিরকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দন্ডপ্রাপ্ত ওইসব আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন তদন্তকারি কর্মকর্তা। দীর্ঘ শুনানেী শেষে ১৩ বছর পরে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *