মোঃ লুৎফর রহমান লিটন সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিবন্ধি কিশোরী মারুফা খাতুনকে ধর্ষনের অপরাধে সুলতান মাহমুদ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ এতথ্য নিশ্চিত করেন ।
মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ১৭ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি মারুফা খাতুন প্রতিবেশি সুলতান মাহমুদের বাড়ির আঙ্গিনায় শুকনো গোবরের ঘুটে আনতে যায়। এসময় তাকে একা পেয়ে জোরপূর্বক ভাবে নিজ কক্ষে নিয়ে তাকে ধর্ষন করে সুলতান মাহমুদ। এ ঘটনা জানাজানি হলে ১২ই ফেব্রুয়ারি কামারখন্দ থানায় ঐ কিশোরীর বাবা আব্দুল মান্নান বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলায় তদন্ত, স্বাক্ষ্য গ্রহন ও দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক এই রায় প্রদান করেন।