কীটনাশকমুক্ত কৃষির বার্তা ছড়িয়ে দিতে বদলগাছীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

ছানোয়ার হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে কোলা আদর্শ গণগ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘কীটনাশকমুক্ত কৃষি ও ফলজ উৎপাদন’এবং জলবায়ু পরিবেশ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় কোলা আদর্শ গণগ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সভাপতি লিখন হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোলা আদর্শ গণগ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল।
কর্মশালায় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল-মুতি, বিশিষ্ট সাংবাদিক এমদাদুল হক দুলু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক প্রান্তিক কৃষক।
কর্মশালায় কৃষকদের নিরাপদ, বিষমুক্ত ও পরিবেশবান্ধব কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কীটনাশকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে নিরাপদ কৃষি উৎপাদনের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার শুধু মাটি, পানি ও পরিবেশের ক্ষতি করে না; এর ক্ষতিকর প্রভাব মানবস্বাস্থ্যের ওপরও পড়তে পারে। তাই রোগ-পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব উপাদানের ব্যবহার এবং কৃষিবান্ধব আধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের আরও সচেতন হতে হবে।
এ সময় বক্তারা কীটনাশকের সঠিক মাত্রা ও প্রয়োগ পদ্ধতি অনুসরণ, ফল ও সবজি উৎপাদনে নিরাপদ প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের আগে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
কর্মশালায় অংশ নেওয়া প্রান্তিক কৃষকরা কীটনাশকমুক্ত কৃষি ও ফলজ উৎপাদন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কৃষি কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারে এ ধরনের কর্মশালা কৃষকদের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *