মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে সিজারিয়ান অপারেশন এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে নবজাতকের মৃত্যুর ঘটনায় আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের মালিক আহসান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) পোরশা থানা পুলিশের একটি দল উপজেলার সরাইগাছী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ জুলাই প্রসববেদনা নিয়ে স্ত্রী খাদিজা খাতুনকে আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন আমিন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন পর্যালোচনা করে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। পরে হাসপাতালের খরচ পরিশোধ করে অপারেশনে সম্মতি দেন পরিবারের সদস্যরা।
অভিযোগে প্রকাশ,পরিবারের অজান্তে চিকিৎসক শারমিন আক্তারের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে ওই নারীর সিজারিয়ান অপারেশন করানো হয়। অপারেশনের পর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে নবজাতককে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই সকাল ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পোরশা থানা পুলিশ হাসপাতালের মালিক আহসান হাবিবকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।