বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসে যুগ্ম কমিশনার কর্তৃক সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে শারীরিক লাঞ্ছনা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে কাস্টমস কর্মকর্তারা প্রায় ৪ ঘণ্টা কাজ বন্ধ রেখে জরুরি বৈঠক করেন। ফলে দেশের প্রধান এই স্থলবন্দরে সব ধরনের শুল্কায়ন ও পণ্য খালাস কাজ পুরোপুরি বন্ধ থাকে, যার প্রভাব পড়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এবং সরকারের রাজস্ব আদায়ে।
ঘটনার বিবরণে জানা যায়, বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সরফুদ্দিন তার অধীনস্থ সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তারা অবিলম্বে বদলির দাবিতে সকাল থেকেই কর্মবিরতি পালন করে কাস্টমস কর্মকর্তারা বৈঠক করেন। টানা ৪ ঘণ্টা দাপ্তরিক কাজ বন্ধ থাকায় বন্দর এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।
এদিকে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় কাস্টমস হাউসে আসা সিএন্ডএফ কর্মী ও ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েন। কাজ সম্পাদন করতে না পেরে অনেক কর্মীকে অফিসের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। কয়েকজন সিএন্ডএফ কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানান, বেনাপোল কাস্টমসে প্রায়ই খেয়াল খুশিমতো কাজ চালানো হয় এবং আমদানি পণ্য খালাসে নানা অজুহাতে হয়রানির শিকার হতে হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) জুবায়েদ রহমান জানান, “আমাদের সহকর্মীকে মারধর করা নিঃসন্দেহে অন্যায় ও দুঃখজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ জানালে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপরে নির্দেশনা এসেছে যে, আগামীকাল কমিশনার এসে বিষয়টি পর্যবেণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
কমিশনারের আশ্বাসের পর সাময়িকভাবে কাজ শুরু হলেও এ ঘটনাকে কেন্দ্র করে কাস্টমস চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।