নওগাঁ-১আসনের বিজয়ী প্রার্থী পারজিত প্রার্থীর সঙ্গে দেখা করতে গিয়ে পেলেন ফুলেল শুভেচ্ছা

নওগাঁ-১আসনের বিজয়ী প্রার্থী  পারজিত প্রার্থীর সঙ্গে দেখা করতে গিয়ে পেলেন ফুলেল শুভেচ্ছা
জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনে বিজয়ী হয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী প্রার্থী মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানকে
ফুলের তোড়া দিয়ে  অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় সকলে মিলেমিশে নওগাঁ–১ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাপাহার উপজেলার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে  হঠাৎ এই আগমনে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
অভিব্যক্তি প্রকাশ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাহবুবুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে  আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আজকে দেখা করতে এসে খুব ভালো লেগেছে।’
তিনি বলেন,  ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। সামনের দিনে আমরা সবাই মিলে কাজ করব। তাই সকলের সহযোগিতা আশা করছি। সবাই মিলে এই আসনের তিন উপজেলায় শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও মানবিক পরিবেশ তৈরি করতে চাই। জনগণের খেদমত করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই।’
মাহবুবুল আলম বলেন, ‘জয়-পরাজয় রাজনীতিরই অংশ। কিন্তু সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাই হোক আমাদের পথচলার মূল শক্তি। রাজনীতি হোক প্রতিহিংসার নয়, হোক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধ।’
এসময় দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান  ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর  মাহবুবুল আলম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *