বদলগাছিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল -প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান

মোঃ ছানোয়ার হোসেন বদলগাছি (নওগাঁ) বিশেষ প্রতিনিধি:
নওগাঁরবদলগাছীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী।
ভেটেরিনারি সার্জন ডা. নুশরাত জাহানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান |
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিরাপদ ও মানসম্মত দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ খাতের উন্নয়নে খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় খামারিরা।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *