আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটে চলাচলকারী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ৭২১৯ কোচের দুটি গ্লাস ভেঙ্গে যায়।
বুধবার(৩১ অক্টোবর) বেলা ১১ টা ৫৫ মিনিটের সময় বিরতি শেষে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় লোকোশেড রেলওয়ে লেবেল ক্রসিং গেট এলাকায় এই হামলার এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বড় ধরণের কোন ক্ষয় ক্ষতি হয়নি। নিরাপদে ট্রেনটি ঢাকায় পৌছেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফী নুর মোহাম্মাদ।
প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ জানান, বিএনপি জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসুচি উপলক্ষে একদল যুবক লোকোশেডের রেলওয়ের লেবেল ক্রসিং গেট এলাকায় পাথর ও ইট ঢিল ছুড়ে মারে। ট্রেনটি দ্রুতগতিতে চলে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ বীরবল মন্ডল স্টেশন সুপারটেনডেন্টের বরাত দিয়ে বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে এসে বেলা ১১ টা ৪০ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতি শেষে ১১ টা ৫০ মিনিটে ঈশ্বরদী স্টেশন ছেড়ে যায়। আর ১১ টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌছালে দুর্বৃত্তরা ট্রেনটির ৭২১৯ কোচে ঢিল ছুড়ে মারে। এতে জানালার দুটি গ্লাস ভেঙে গেছে।
রেলওয়ে পাকশী পুলিশ সুপার মোঃ শাহাব উদ্দীন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে জানালার গ্লাস ভাঙচুর করেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে জঙ্গল ও ঘাস পোড়ানোর জন্য প্লাস্টিকের বোতলে রাখা কিছু পেট্রলসহ বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফী নুর মোহাম্মাদ মৈত্রী এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত পরিচালক, এলএম ও এএলএমদের বরাত দিয়ে বলেন, ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপের কোন ঘটনা ঘটেনি। পাথর নিক্ষেপ করায় ট্রেনের দুটি জানালার গ্লাস ভেঙ্গে গেছে।