বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টা ২৫মিনিটে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আরিফ মন্ডল(২২)। পিতা সাবেক কাউন্সিলর মোঃ জহুরুল ইসলাম। তারা গত কয়েকদিন ধরে শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২ জন যুবক অস্ত্র হাতে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা নামাজগড় আরজু আয়রন মেটাল স্টোর সামনে তাকে কুপিয়ে তার ডান হাত এবং শ্বাসনালী কেটে দেশি অস্ত্র ড্রেনে ফেলে পালিয়ে যায়।
এসব তথ্য নিশ্চিত করেন সদর থানা অফিসার ইনচার্জ সাইহান ওলি উল্লাহ।
অফিসার ইনচার্জ সাইহান ওলি উল্লাহ জানান, বগুড়া সদর নামাজগড় এলাকায় আরিফ নামের এক ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, তারা কয়েকদিন আগে নামাজগড়ের সুলতানগঞ্জপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়েছে। ঠিক কি কারনে তাকে হত্যা করা হয়েছে এবিষয়ে এখনও কোন কিছু সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে আমাদের একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। এবং অতিশীঘ্রই হত্যাকারীদের সনাক্ত করা হবে।