কেশবপুরে নৌকার নির্বাচনি অফিসে আগুন

শামীম আখতার, বিভাগী (খুলনা) : দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার এর একটি নির্বাচনি প্রচার অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের কিছু জিনিসপত্র পুড়ে গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের বায়সা নূরপুর মোড়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

 

কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক সাহা জানান, পৌর শহরের বায়সা নূরপুর মোড়ে নৌকার একটি নির্বাচনি অফিস করা হয়। নির্বাচনি আচারণ বিধি মেনে নেতাকর্মী ও সমর্থকরা অফিসে বসে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীরা অফিস থেকে যে যার মতো বাড়িতে চলে যায়। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন নৌকার অফিসে আগুন জ্বলতে দেখে পানি ঢেলে নিভিয়ে ফেলে নৌকার প্রার্থীর লোকজনকে খবর দেন। আগুনে অফিসের কিছু জিনিসপত্র পুড়ে গেছে।নৌকার প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে বলেই পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আমাদের অফিসে আগুন দিয়েছে। 

স্থানীয়রা শুক্রবার ভোরে নৌকার অফিসে আগুন জ্বলতে দেখে পানি ঢেলে নিভিয়ে ফেলে। তবে, নৌকার অফিসে কে-বা কারা আগুন দিয়েছে এলাকাবাসীর কেউ সঠিকভাবে বলতে পারছেনা।  

 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, নৌকার নির্বাচনি অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর লোকজনের মাধ্যমে অভিযোগ পেয়েছি। বিষয়টি সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে এলাকায় কেউ যদি আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে। সেই যে-ই হোক না কেন, তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষে পুলিশের অর্পিত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *