আলোকচিত্র মানুষের কথা বলে-সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

শামীম আখতার, বিভাগী (খুলনা) : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আলোকচিত্র মানুষের কথা বলে। ছবির মাধ্যমে সমাজের সুখ-দু:খ ও আনন্দের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা যায়। ফটোগ্রাফির ক্ষেত্রে আমাদের অনেক সফলতা ও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ১১তম খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস) আয়োজিত জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে পড়েছে। ছবি একটি গুরুত্বপূর্ণ শিল্প। এই আলোকচিত্র থেকে আবহমান বাংলার প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। 

অনুষ্ঠানে খুলনা ফটোগ্রাফিক সোসাইটি’র সভাপতি অধ্যাপক ডাঃ আমিরুল খসরু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আফরোজা খানম, শেখর কুমার বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন প্রথম পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার রকিবুল আলম খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ ইকবাল মোর্শেদ মনি।

আলোচনা সভা শেষে সিটি মেয়র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

তিন দিনব্যাপী এই প্রদর্শনী সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে প্রেরিত ফটোগ্রাফাররা তাদের একশত ৩৯টি আলোকচিত্র প্রদর্শন করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল চারটায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *