খুলনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শামীম আখতার (খুলনা) খুলনায় ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও কনজুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোক্তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সেবা নিতে গিয়ে কোন ভোক্তা যেন প্রতারণার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি স্টেকহোল্ডারদেরও কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ভোক্তার অধিকারগুলো সংরক্ষণ হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়নের দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারবে। মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান ও ক্যাব খুলনার সম্পাদক নাজমুল আজম ডেভিড। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম। 

 

এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *