খুলনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

শামীম আখতার (খুলনা) খুলনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ জুন) সকালে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। ভূমিসেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক”।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধশালী, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তারই প্রতিপাদ্য হিসেবে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ ব্যবস্থা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারী, ই-পর্চা, অনলাইন জলমহাল ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ডরুম থেকে মৌজাম্যাপ ও পর্চা ডাকযোগে সরবরাহসহ বিভিন্ন সেবা ইতিমধ্যেই জনগণকে প্রদান করা হচ্ছে। সরকারের গৃহীত কর্মসূচি ও রূপরেখা বাস্তবায়নে ভূমি নিয়ে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে ভূমি কর্মকর্তাদের নজর দিতে হবে। 

 

৭ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।

 

এসময় উপস্থিত ছিলেন, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বিতান কুমার মন্ডল প্রমূখ। 

 

আগামী ১৪ জুন পর্যন্ত এই ভূমিসেবা চলবে। প্রতিদিন ৮টি স্টলের মাধ্যমে অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, খতিয়ান, জমির ম্যাপ, অনলাইন শুনানি ইত্যাদি সেবা প্রদান করা হবে। ভূমি অফিসে না গিয়েই অনলাইনে খতিয়ান/জমির ম্যাপের জন্য আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *