নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে ভাইরাল হওয়া সেই সাবেক ছাত্রলীগ নেতা আবু মুছাকে (৪২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ ও র্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদ এর ভিক্তিতে যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজারের সদর থানাধীন পৌরসভার কলাতলী বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আবু মুছা সিরাজগঞ্জ পৌর এলাকার মৃত ছানোয়ার হোসেন ওরফে ছানুর ছেলে।
শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে হত্যা করা হয়।
এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলা হয়। গ্রেপ্তার মুছা প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার এড়াতে মুছা দুই মাস ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। কক্সবাজার থেকে সুযোগ বুঝে তিনি সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী বিগত সময়ে সাবেক এমপি’র প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়াও গত ০৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে, যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরও জানায় যে, বর্ণিত হত্যা মামলাগুলোর প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এরই ফলশ্রæতিতে সে কক্সবাজারে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে দেশের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আবু মুছা @ মুছা’র বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ০৩টি হত্যা মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।