আবু সাইদ বদলগাছীঃ: নওগাঁর বদলগাছীতে দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার সচেতন নাগরিকগণ।গত বৃহস্প্রতিবার প্রদানকৃত স্মারকলিপি সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা ভূমি রেজিষ্ট্রেশনের জন্য সাবরেজিস্ট্রি অফিসের অধীন দলিল লেখক সমিতি রয়েছে। ভূমি রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করতে দলিল মূল্যের ৯% অর্থ স্ট্যাম্প ও ফি হিসেবে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হয়। কিন্তু দলিল লেখক সমিতির নামে আরো অতিরিক্ত ৩% – ৫% অর্থ না দিলে ভূমি রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন হয়না। এমনকি সমিতির নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন না থাকলে ঐ দলিলটি আমলে নেন না সাবরেজিস্ট্রার। সমিতির ৫০/৬০ লোকের কাছে যেন গোটা বদলগাছী উপজেলার ৩ লক্ষ মানুষ জিম্মি। স্মারকলিপিতে আরো বলা হয়েছে, গত ৫ আগষ্ট –২০২৪ বাংলাদেশ তুন করে স্বাধীন হওয়ার পরেও ফ্যাসিবাদীদের প্রেতাত্মা এসব দলিল লেখকদের বুকে লালিত হচ্ছে বলে তারা মনে করছেন। এভাবে ফ্যাসিবাদী কায়দায় জিম্মি করে অর্থ আদায় অমানবিক, অসামাজিক, অনৈতিক এবং আইনবিরোধী কাজ বলে সচেতন নাগরিক সমাজ মনে করছেন। তাই একজন দলিল লেখকের যুক্তিসংগত ন্যায্য পারিশ্রমিক যা হবে তার বাইরে সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আবেদন জানানো হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, আবেদন পেয়েছি। সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায় এটা আইনসংগত নয়। এবিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।