রায়হান আহমেদ তপাদার- ইংল্যান্ড – লেখক, গবেষক ও কলামিষ্ট ঃ ভোটের দিন যত ঘনিয়ে আসছে, জমে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এখনো পর্যন্ত বিভিন্ন জরিপে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে প্রচার-প্রচারণায় মোটেও পিছিয়ে নেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সেটি নির্ধারিত হবে আগামী পাঁচই নভেম্বরের নির্বাচনে। প্রাথমিকভাবে এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছিলো। কিন্তু গত জুলাইয়ে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন দেন। মূলত এরপর থেকেই ডেমোক্রেটিক ও রিপাবলকান, উভয় শিবিরেই নিজ নিজ প্রার্থীর পক্ষে বেশ জোর প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। তাইতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।জল্পনা-কল্পনা চলছে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী প্রেসিডেন্টের ওপর ভিত্তি করে নিজেদের নীতি পরিবর্তন-পরিমার্জন করবে আঞ্চলিক শক্তিগুলো। তাই আগে থেকেই চলছে নানা ধরনের জরিপ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে কৃষ্ণাঙ্গ ও লাতিন বংশোদ্ভূত ভোট পেতে আরও তৎপর হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। পিছিয়ে নেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের মধ্যে বড় ব্যবধানে এগিয়ে আছেন কমলা।কিন্তু ট্রাম্প এই ভোটারদের মধ্যেও সুবিধা জনক অবস্থান তৈরি করছেন-এমন চিত্র উঠে এসেছে জরিপে। এরপর ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছেন, নভেম্বরে কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের কেন্দ্রে টানতে কমলাকে আরও বেশি তৎপর হতে হবে। সাম্প্রতিক জরিপে দেখা যায়, কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের সমর্থন আদায়ে ভালো করেছেন। দুই হাজার ষোল ও দুই হাজার বিশ সালের নির্বাচনের ধারাবাহিকতায় এবারও এই ভোটারদের মধ্যে নিজের অবস্থান ধরে রাখতে যাচ্ছেন তিনি। নিউইয়র্ক টাইমস ও সিয়েনার জরিপে দেখা যায়, কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের মধ্যে কমলার প্রতি আটাওর শতাংশ সমর্থন রয়েছে। কিন্তু সাম্প্রতিক নির্বাচনগুলোয় ডেমোক্র্যাটদের প্রতি এই সমর্থন ছিল নব্বই শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪ কোটি। তাদের মাঝে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলেরই ভোট ব্যাংকে রয়েছে নিবন্ধিত ভোটার। যুক্তরাষ্ট্রের অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে বরাবরই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা বিজয়ী হন।আবার দেশটির মধ্য পশ্চিমাঞ্চলীয় অপেক্ষাকৃত ছোট রাজ্যগুলোর ভোটারদের পছন্দ রিপাবলিকান পার্টি। যাদের সিংহভাগই শ্বেতাঙ্গ এবং কট্টরপন্থী।এর বাইরে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন এই সাতটি রাজ্যের ভোটারগণ দোদুল্যমান অবস্থানে। নির্বাচনে এসব রাজ্যের ভোটাররা যে পার্টির দিকে ঝোঁকে বিজয়ী হন সেই পার্টির প্রার্থী। ফলে প্রেসিডেন্ট প্রার্থীরা এসব রাজ্যেই অধিকতর মনোনিবেশ করে থাকেন প্রচারণায়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের প্রার্থীদ্বয় নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন বিশাল দেশটির বিভিন্ন রাজ্যের শহরগুলো। বিভিন্ন ইস্যুতে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। সর্বশেষ নির্বাচনী জরিপ অনুযায়ী ডনাল্ড ট্রাম্পের চেয়ে তিন শতাংশ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কমালা হ্যারিস। চূড়ান্ত ফলাফলে জয়ী হলে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়বেন কমালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। প্রেসিডেন্ট নির্বাচনে ধাপ মূলত চারটি। বিশ্বের বিভিন্ন দেশে দলীয়ভাবে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন দেয়া হলেও যুক্তরাষ্ট্রে দলীয় সমর্থকগণই প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেন ভোটের মাধ্যমে। এই পর্যায়ে একই দল থেকে একাধিক প্রার্থী নির্বাচনের বছরের শুরুতেই বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের স্ব স্ব প্রচারণা ও ফান্ড রেইজিং শুরু করেন। অঙ্গরাজ্যর দলীয় রেজিস্ট্রার্ড ভোটারগণ প্রাইমারি ইলেকশনের মাধ্যমে বাছাই করেন একজন দলীয় প্রার্থীকে। পরবর্তীতে তাকে জিতে আসতে হয় সিংহভাগ রাজ্য থেকে। নভেম্বরের নির্বাচনের পূর্বেই গ্রীষ্মের কোনো এক সময়ে অঙ্গরাজ্যগুলো থেকে যোগদানকারী দলীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ‘ন্যাশনাল কনভেনশন’এ চূড়ান্ত করা হয় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন।
দ্বিতীয় ধাপ দলীয় কনভেনশন আমেরিকান রাজনীতির একটি উল্লেখযোগ্য দিক। কনভেনশনে নিজ দলের প্রতিনিধিগণ চূড়ান্ত করেন তাদের প্রেসিডেন্ট প্রার্থী। এই কনভেনশন থেকে দলীয় প্রতিনিধিগণ নির্বাচনী প্রচারণা এবং ইস্যুগুলো নির্ধারণ করে থাকেন। তৃতীয় ধাপে গণ-প্রচারণা শুরু হয় কনভেনশনের পরদিন থেকে এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থীগণ ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। নির্বাচনী সভায় জনগণের সাথে মতবিনিময় করে চেষ্টা করেন তাদের দলীয় কর্মসূচীর প্রতি আনুগত্য লাভের। প্রধান দুই দলের প্রার্থীগণ টিভি বিতর্কে অংশ নেন কয়েক দফা। ফান্ড রেইজ করে থাকেন দলীয়ভাবে। সংগৃহীত এই অর্থকে বলা হয় ‘সফট মানি’। চতুর্থ ধাপে নির্বাচনের দিন জনগণ ভোট দেন তবে সরাসরি প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেন না। ভোটারগণ প্রথমে ভোট দেন ইলেক্টোরাল কলেজকে। পরে ইলেক্টোরাল কলেজের ভোটারগণ তাদের ভোট প্রয়োগ করে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। আঠারো বছরের ঊধ্বের্র যুক্তরাষ্ট্রের নাগরিক হলেই ভোট দেয়া যায় প্রেসিডেন্ট নির্বাচনে। তবে অনেকগুলো স্টেটে আইন রয়েছে যেখানে ভোট দেওয়ার আগে তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ স্বরূপ কাগজপত্র দেখাতে হয়। বেশিরভাগ ভোটার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। পোস্টাল ব্যালট ব্যবহার ও ডাকযোগে ভোট দেয়া যায়। তবে বিকল্প পদ্ধতিতে ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে সাম্প্রতিক সময়ে। আমেরিকানরা কি আসলেই প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেন? এক কথায় বলতে গেলে না। ভোটাররা আপাত দৃষ্টিতে যদি মনে করে থাকেন যে তারা তাদের পছন্দনীয় প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিচ্ছেন আসলে তা ঠিক নয়। তারা ভোট দেন প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি প্রতিশ্রুত ইলেক্টোরাল কলেজের সদস্যদেরকে। ইলেক্টোরাল কলেজ পদ্ধতি সত্যিকারার্থেই একটি জটিল প্রক্রিয়া। যা সাধারণ ভোটারদের নিকট দুর্বোধ্য।
যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরেটের সংখ্যা ৫৩৮। তন্মধ্যে ৫০ টি অঙ্গরাজ্য থেকে মোট ৫৩৫ জন এবং ওয়াশিংটন ডিসি থেকে ৩ জন। প্রতিটি অঙ্গরাজ্য থেকে কংগ্রেসের সদস্য সংখ্যা সম এবং নির্দিষ্ট সিনেট সদস্য সংখ্যার সমান ইলেক্টরেট বাছাই করা হয় । মোট ৫৩৮ জন ইলেকটরাল এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী যিনি ২৭০ ভোট পাবেন তিনিই বিজয়ী হবেন। প্রায় দুশ’ বছর যাবত প্রেসিডেন্ট নির্বাচনে চলে আসছে এই পদ্ধতি। এ নিয়ে বিতর্কও হচ্ছে অনেক। এখানে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট একই দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। এটি এক ধরণের পাতানো ডিল।
বাইডেন জাতির আত্মার জন্য যুদ্ধে তাঁর প্রচারাভিযানকে কেন্দ্রীভূত করেছেন। গাজায় ইজরায়েল-হামাস যুদ্ধের পটভূমিতে ব্ল্যাক লাইভস ম্যাটার বনাম অল লাইভস ম্যাটারের মতো বিপরীতমুখী প্রচারণা, এবং গণ-পরিসর ও বিশ্ববিদ্যালয় জুড়ে ইহুদি-বিদ্বেষের উত্থান মার্কিন সমাজকে ছিঁড়ে ফেলছে।ক্রমবর্ধমানভাবে এই সমস্যাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্থান তৈরি করেছে এবং ২০২৪ সালের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। যেমন, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে গাজায় যুদ্ধবিরতি বিলম্বিত করার কারণে ২০২৪ সালে বাইডেন যুব ভোটহারানোর ঝুঁকি নিয়েছেন।ডেমোক্র্যাটিক পার্টি প্রগতিশীল গার্হস্থ্য বিষয়গুলির উপর জোর দিচ্ছে, বিশেষ করে গর্ভপাতের মতো বিষয়গুলিতে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের সময় গর্ভপাতের অধিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে একটি কেন্দ্রীয় বিন্দু হয়ে উঠেছিল। বিষয়টি ওহিওতে স্পষ্ট ছিল, যেখানে ভোটাররা গর্ভপাত ও প্রজনন অধিকার নিশ্চিত করার জন্য একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছেন; এছাড়া জর্জিয়া ও পেনসিলভানিয়ার নির্বাচনেও বিষয়টি কেন্দ্রীয় প্রশ্ন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আগমন একটি চাপের বিষয়, এবং দক্ষিণ সীমান্তে ব্যাপক ঢেউয়ের ফলে রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থী এসেছেন। অভিবাসন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে একটি নির্ণায়ক ইস্যু হয়ে ফিরে এসেছে, এবং তা বর্তমানে ইউক্রেন সহায়তা বিল টেনে আনার প্রধান কারণ।
বাইডেন তাঁর প্রেসিডেন্সির শুরুতে ট্রাম্পের অভিবাসন নীতিগুলিকে উল্টে দিয়েছিলেন, যা একটি নরম দৃষ্টিভঙ্গি হিসাবে বিবেচিত হয়েছিল এবং অভিবাসনে একটি বিশাল বৃদ্ধি দেখেছিল। বাইডেন প্রশাসন প্রাচীরের কিছু অংশ নির্মাণ এবং সীমান্ত এজেন্টের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্যাগুলি বিদেশনীতির সঙ্গে জটিলভাবে জড়িত,এবং চিন একটি বিশিষ্ট উদ্বেগ।এই উদ্বেগ শুধু নীতিগত অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ নেই, মার্কিন জনসাধারণের মধ্যেও স্থানান্তরিত হয়েছে: তাঁদের উল্লেখযোগ্য ৫৯ শতাংশ চিনকে নেতিবাচকভাবে দেখেন, এবং ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক উত্তেজনার মধ্যে এটিকে হয় শত্রু অথবা বন্ধু নয় এমন দেশ হিসাবে বিবেচনা করেন। চিনা হুমকি মোকাবিলা করা একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা উভয় পক্ষকে আরও কট্টরপন্থী পদ্ধতির পক্ষে ওকালতি করতে প্ররোচিত করেছে। এই বিষয়গুলি ছাড়াও মার্কিন কংগ্রেসের রাজনৈতিক নিয়ন্ত্রণ আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বিষয় হবে। হাউসের পাশাপাশি সেনেটেও আসন খালি হচ্ছে। সাম্প্রতিক ইতিহাসে বেশিরভাগ প্রেসিডেন্সি বিভক্ত কংগ্রেসের সঙ্গে লড়াই করেছে। নির্বাচনের জন্য ৩৩টি সেনেটআসন রয়েছে যেখানে এখন ১০জন রিপাবলিকান ২০ জন ডেমোক্র্যাট এবং ৩ জন নির্দল। হাউজ অফ রিপ্রেজেনটেটিভের ১১৯তম কংগ্রেসের জন্য দ্বিবার্ষিক নির্বাচনে সমস্ত ৪৩৫টি আসনে ভোট হবে৷ হাউজে বর্তমানে রিপাবলিকানদের গরিষ্ঠতা রয়েছে এবং সিনেটে ডেমোক্র্যাটরা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। কমলা হ্যারিস ও ট্রাম্প উভয়েই একটি বিভক্ত হাউজ এড়াতে যথাসাধ্য চেষ্টা করবেন। মনে হচ্ছে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুকেন্দ্রিক প্রচারণার উপর হতে চলেছে, কারণ দুই পক্ষেই ব্যক্তিত্বদের প্রভাব সীমিত।তবে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করবেন ২০ জানুয়ারি, ২০২৫। যেটি অভিষেক অনুষ্ঠান নামেই বেশি পরিচিত। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিংয়ের বাইরে হবে এই অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের পর নতুন প্রেসিডেন্ট যাত্রা করবেন হোয়াইট হাউজের উদ্দেশ্যে এবং গ্রহণ করবেন তার চার বছরের দায়িত্বভার। তবে এখনই বলা যাচ্ছে না কে পাচ্ছেন হোয়াইট হাউজের এবারের দায়িত্বভার।