কেশবপুরে যাত্রীবাহী বাসে আগুনের ভয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ায় এক নারীর মৃত্যু

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাসের ব্যাটারীর তারে আগুন ধরে ধোঁয়া বের হওয়ায় চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ায় মাহফুজা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেশবপুর পৌরশহরের আলতাপোল বৈদ্যুতিক পার হাউজের সামনে যশোর টু চুকনগর মহাসড়কে ঘটনাটি ঘটেছে। সে মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ মোল্যার স্ত্রী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ মোল্যার স্ত্রী মাহফুজা বেগম (৪৮) তার ভাসুরের মেয়ে সুমি খাতুনকে সাথে নিয়ে কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে জামায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চিনেটোলা বাজার থেকে ঢাকা মেট্রো জ-১১-১৩১৪ নম্বরের একটি যাত্রীবাহি বাসে উঠেন। বাসটি কেশবপুর পৌরশহরের আলতাপোল বৈদ্যুতিক পারহাউজের সামনে পৌছাইলে বাসের ব্যাটারীর তারে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকলে মাহফুজা বেগম তড়িঘড়ি করে বের হওয়ার জন্য চলন্ত গাড়ী থেকে সড়কের উপরে লাফিয়ে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ওইসময় তার সাথে থাকা ভাসুরের মেয়েসহ স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, যাত্রীবাহী বাসের ব্যাটারীর তারে আগুন লেগে ধোঁয়া বের হওয়ায় চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ায় মাহফুজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *