ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ওসির গ্রেপ্তার-মামলা ‘বাণিজ্য’ *থানায় দালালদের দৌরাত্ম্যে টাকা ছাড়া হয় না কাজ *কোর্ট থেকে থানায় পুলিশ আসার আগেই বাড়িতে চলে আসে আসামি

হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন  ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার তৎকালীন ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঈশ্বরগঞ্জ থানার বর্তমান ওসি মো. ওবায়দুর রহমান। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর কাকতালীয় ভাবেই ওসি(তদন্ত) থেকে পদোন্নতি পেয়ে তিনি হয়ে যান ওসি। গত বছরের ৩ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই তার ত্বত্তাবধানে চলছে রমরমা গ্রেপ্তার-মামলা বাণিজ্য।

অনুসন্ধানে জানা গেছে, ফুলবাড়িয়া থানার তৎকালীন ওসি রাশেদুজ্জামানের নির্দেশনায় এবং ওসি(তদন্ত) ওবায়দুর রহমানের নেতৃত্বে  আন্দোলনরত ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে অনেকেই গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। তাদের একজন  আরিশ আহমেদ (১৫)। আরিশ আহমেদের বাড়ি  ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে। জুলাই আন্দোলনে আরিশের ডান চোখে গুলিবিদ্ধ হয়। এখন সে আর ওই চোখে দেখতে পায় না।  আরিশের বাবা আশরাফুল ইসলাম বলেন,’গুলিবিদ্ধ হয়ে আমার ছেলে একটা চোখে দেখতে পায় না। ফুলবাড়িয়া থানার তৎকালীন ওসি এবং ওসি(তদন্ত)সহ সকল পুলিশ সদস্য ঘটনার সাথে জড়িত ছিল।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ওয়ালিদ আহমেদ অলি বলেন,’আন্দোলন চলাকালীন সময়ে ফুলবাড়িয়া থানার তৎকালীন ওসি(তদন্ত) ওবায়দুর রহমান মোটেও ছাত্র-জনতার জন্য হেল্পফুল ছিল না। আওয়ামী দোসরদের সাথে নিয়ে ওবায়দুর রহমানের নেতৃত্বে  ফুলবাড়িয়া থানা-পুলিশ গুলি চালিয়েছে। ৫ আগষ্টের পর তিনি কীভাবে পদোন্নতি পেয়ে ওসি হয়েছে বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
তবে ওসি ওবায়দুর রহমান জানান, এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে একটি মামলা চলমান, যেখানে তার নাম নেই। মামলাটির তদন্ত চলছে।
এখানেই শেষ নয়, ঈশ্বরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে শুরু করে। বেড়েছে চুরি-ছিনতাই, মাদক, জুয়া, কিশোরগ্যাং, অজ্ঞান পার্টি, ইভটিজিং এবং ধর্ষনের মতো অপরাধ। ওসি যোগদানের পর থেকে আওয়ামীলীগ নেতাদের গ্রেপ্তার এড়াতে মোটা অংকের টাকা বাণিজ্য করে চলছেন। মাদক, জুয়া, ধর্ষণ এবং হত্যা মামলার আসামিদের ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেন অথবা ৩৪ বা ৫১ ধারায় কোর্টে প্রেরণ করে মোটা অংকের টাকা বাণিজ্য করেন তিনি। আর ওসির এমন ঘুষ বাণিজ্যে নরমাল ধারায় কোর্টে প্রেরণ করার পর থানায় পুলিশ আসার আগেই আসামি বাড়িতে চলে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ মাসে ঈশ্বরগঞ্জ থানায় মোট ৭১ টি মামলা হয়েছে। যারমধ্যে ৩ টি হত্যা, ৪টি চুরি, নারী নির্যাতন ৯ টি, মাদক ১৫ টি, পুলিশ লাঞ্চিত ২ টি, অন্যান্য ৩৮ টি। তারমধ্যে জুয়া আইনে ৪০ জন,পুলিশ আইনে ৩৩ জন,পরোয়ানা মূলে-১০৫ জন এবং অন্যান্য ১০জনসহ মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এতে  গ্রেপ্তারকৃত প্রায় অর্ধেক আসামিদের কাছ থেকে অর্থনৈতিক বাণিজ্য করেছে ওসি।

এসব বাণিজ্যের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেন (২৪) হত্যা  মামলার মূল আসামীদের না ধরে সাধারণ মানুষদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুলিশ কর্তৃক টাকা আদায় করা। আরিফ বিল্লাহ বাচ্চু, রিফাতুল ইসলাম শাহীন, বাবুল মিয়া ও রোমান মিয়া নামের চার জনকে থানায় আটকে রেখে বেধরক মারধর করে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আটকের পরদিন রাতে রফা করে ৬০ হাজার টাকার বিনিময়ে থানা থেকে তাদের ছাড়া হয় এমন অভিযোগ আটককৃত ও তার পরিবারের।

এছাড়াও উপজেলার রাজিবপুর ইউনিয়নের ইউনিয়নের ২ কিশোরীকে ধর্ষণ ও  আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে যুবলীগ নেতা মিজানুর রহমানকে ছিনতাইয়ের ঘটনায় মোটা অংকের টাকা নিয়ে আসামী ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে ওসির বিরুদ্ধে।

অপরদিকে উপজেলা জুড়ে ব্যাপক হারে বেড়ে যাওয়া অনলাইন জুয়াড়িদের ধরে এনে মোটা অংকের টাকা নিয়ে থার্টিফোর ধারায় চালান দিয়ে দিনের ভিতরই জামিনে আসার সুযোগ করে দেন ওসি।

এমন অসংখ্য অভিযোগে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। থানায় দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রার্থীরা পড়ছেন বেকায়দায়। ওসির নিয়ন্ত্রণে থাকা দালালদের খপ্পরে থানায় সেবা নিতে আসা মানুষদের  গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এ সকল ঘটনার পর মানুষের জান-মালের নিরপত্তা নিশ্চিতে অনতিবিলম্বে চুরি, ছিনতাই, ধর্ষণ, গ্রেপ্তার বানিজ্য বন্ধে পুলিশকে তৎপর হওয়ার আহবান জানায় ছাত্র-জনতা।

ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর রশিদ হারুন জানান, দেশের চলমান পরিস্থিতে আমাদের সকলের এখন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু বর্তমান ওসি যেভাবে থানা পরিচালনা করছে এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলার আরো অবনতি হবে।

ঈশ্বরগঞ্জ থানার  ওসি ওবায়দুর রহমানের কাছে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি আইন-শৃঙ্খলার অনবতির কথা অস্বীকার করে বলেন,উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চুরি-ছিনতাইয়ের রহস্য  উদঘাটন ও ধর্ষণ মামলার আসামিসহ অপরাধীদের  গ্রেপ্তারে থানা-পুলিশ কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *