মোঃ হুমায়ুন কবীর ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে একই ইউপির সংরক্ষিত মহিলা সদস্য কর্তৃক প্রাণনাশের হুমকি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে মোবাইল ফোনে ওই মহিলা সদস্য অকথ্য ভাষায় গালাগাল করেছে মর্মে আমার কাছে অভিযোগ আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে এক মিটিং এ বিষয়টি রোকসানার কাছে জানতে চাইলে রোকসানা উত্তেজিত হয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বেড়িয়ে যায়। কিছুক্ষন পর সে ধারালো রামদা নিয়ে এসে আমার প্রাণনাশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাঁকে নিবৃত করে। এরপর সে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তাঁর চুলের মুটি ধরে জুতা পেটা, বসত বাড়িতে হামলা ও শ্লীলতাহানির মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে।
তিনি আরোও জানান, এই নারী সদস্য চিহ্নিত একজন মাদক কারবারী। সে সব সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাখে।
এসময় চেয়ারম্যান সেলিম খান তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাসলিমা বেগম ও জেসমিন আরা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।