মো: সিয়াম সিদ্দিকী, বিশেষ প্রতিনিধি: বদলগাছী (নওগাঁ): মনোমুগ্ধকর আয়োজন ও আনন্দ-উল্লাসের মাঝ দিয়ে নওগাঁর বদলগাছীতে পহেলা বৈশাখ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলার বিভিন্ন স্তরের মানুষজন।
দিনটিতে সকাল ৮টায় বদলগাছী থানার সামনে থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় বদলগাছী থানা পুলিশ, বদলগাছী সাধারণ গ্রন্থাগার ও বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠী, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুল, মহিলা ডিগ্রি কলেজ, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়, মাইলস্টোন হাই স্কুলসহ বিভিন্ন আদিবাসী ও সাংস্কৃতিক সংগঠন। আনন্দ শোভাযাত্রাটি চৌরাস্তার মোড় ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়, যা বদলগাছী মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় পান্তা-ইলিশ উৎসব, খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি নাটিকা। পাশাপাশি উপজেলা চত্বরে বসে একটি গ্রামীণ হস্তশিল্প মেলা, যেখানে স্থান পেয়েছে মৃৎশিল্প, বাঁশের তৈরি আসবাবপত্র, কামারদের তৈরি ছুরি-বটি, স্থানীয় কারখানায় তৈরি পাপোশসহ বিভিন্ন তৈজসপত্র এবং বিকালে সার্কাস খেলা প্রদর্শনের মাধ্যমে দিনটির আয়োজনের পরিসমাপ্তি ঘটে।