মহম্মদপুরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মেহেদী হাসান রাব্বী ভ্র্যামমান প্রতিনিধিঃ মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বেথুড়ি গ্রামে ট্রাক্টরের ধাক্কায় আবিদ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার, পহেলা মে দুপুর আনুমানিক ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ উপজেলার খর্দ্দফুলবাড়ি গ্রামের ওবায়দুর মোল্লার ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আবিদ নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে বেথুড়ি গ্রাম অতিক্রম করার সময় পিছন দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি খলিশাখালী গ্রামের মাটি ব্যবসায়ী নিজামের মালিকানাধীন এবং সেটি মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
এ ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *