মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন, “জুলাই ও আগস্টে ছাত্রদের আন্দোলনে মায়েদের ভূমিকা অপরিসীম। আন্দোলনের সময় মায়েরা সন্তানদের সাহস জুগিয়েছেন, সমর্থন দিয়েছেন।
অনেক মা আন্দোলনকারীদের আশ্রয় দিয়েছেন এবং খাবার সরবরাহ করেছেন। আমাদের নতুন প্রজন্মের কাছে এসব ঘটনা তুলে ধরতে হবে। নারীদের সমাজের সব স্তরে সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করে সামনে এগিয়ে যেতে হবে।” জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপনের অংশ হিসেবে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
শনিবার (২ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নওগাঁর মাহফুজ আলম শ্রাবণের মা বেবি নাজনীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী, জুলাই গণ-অভ্যুত্থানে সন্তানদের অনুপ্রেরণা দেওয়া মা তাসলিমা ফেরদৌস, নুর তাজ প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে অনুপ্রেরণায় অংশ নেওয়া মায়েরা উপস্থিত ছিলেন।