যশোর সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণ-মাদক চোরাচালানী মালামালসহ প্রায় কোটি টাকার অবৈধ পণ্য জব্দ আটক -১

আনিসুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে স্বর্ণ, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ১ জন আসামিকেও আটক করেছে বিজিবি।
সোমবার (১১ আগস্ট-২০২৫) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মোট ৯৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৩ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—০১ টি স্বর্ণের বার, বিদেশী মদ, শাড়ি, থ্রী-পিস, মোবাইল, মোবাইল চার্জার, চকলেট, পোশাক সামগ্রী, খাদ্যপণ্য, সিটি গোল্ডের কানের দুল, হাইড্রোক্লোরাইড কেমিকেল, কসমেটিকস ও চায়না দোয়ারী জাল।
অভিযানে আটক হওয়া আসামি মোঃ সোহাগ হোসেন (২৩), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের মো. খলিল হোসেনের ছেলে।
ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর বাসস্টেশন সংলগ্ন সড়ক থেকে তাকে ১ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়।
আটককৃত আসামিকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণেরবার যশোর ট্রেজারীতে জমা করা হয়েছে।
বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে আমরা মাদক ও অবৈধ মালামাল জব্দে সফল হচ্ছি।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুগভাবে ধ্বংস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *