হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ নিউইয়র্কে আসছে বাংলাদেশী মালিকানাধীন ফেডারেল ক্রেডিট ইউনিয়ন। এই সুখবর দেয়ার জন্য গত বুধবার,১৩ আগস্ট ২০২৫,সন্ধ্যায় এক মিট এন্ড গ্রিট কর্মসূচীর আয়োজন করা হয় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে মোহাম্মদ কাদের শিশির জানালেন, এই অনুষ্ঠান বাংলাদেশী—আমেরিকান কমিউনিটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে গঠিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ একটি ফেডারেল ক্রেডিট ইউনিয়ন। নাম বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন।
পাঠানো সংবাদে বলা হয়, অনুষ্ঠানটি শুরু হয় জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কাদের শিশির সিআইপি পুরো বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজকের এই মুহূর্তটি কেবল আমার জন্য নয়, প্রবাসী বাংলাদেশীদের জন্যও এক গর্বের দিন। আমরা দীর্ঘদিন ধরে আমেরিকায় বাস করলেও আমাদের নিজস্ব কোনো পূর্ণাঙ্গ আর্থিক প্রতিষ্ঠান ছিল না। নিউইয়র্কে অনেক কমিউনিটি বহু আগেই নিজেদের জন্য ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেছে। অবশেষে আজ আমরা সেই দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন এডমিনিস্ট্রেশন (ঘঈটঅ) থেকে নাম ক্লিয়ারেন্স এবং প্রি—অ্যাপ্রম্নভাল পেয়েছি। এটি কোনো সাধারণ অনুমোদন নয়, এটি একটি আইনানুগ, স্বীকৃত এবং ভবিষ্যতের জন্য সুসংহত আর্থিক ভিত্তি। এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে প্রায় ৩০০ জন ফাউন্ডিং মেম্বার সংগ্রহ করা এবং সেইসাথে মূলধন সংগ্রহ সম্পন্ন করে পরবর্তী ধাপে যাওয়া। আমি সবাইকে এই ঐতিহাসিক যাত্রায় অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই।’
অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন, মোহাম্মদ কাদের সিআইপিসহ মওলানা আবু জাফর বেগ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোনালী এক্সচেঞ্জ কো. ইনকের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মোহসিন কবির, বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর ও ডিস্ট্রিক্ট ২৫ থেকে সিটি কাউন্সিল প্রার্থী শাহ শহিদুল হক সাঈদ,বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, বেঙ্গল ক্রেডিট ইউনিয়নের সুপারভাইজরি কমিটির ডিরেক্টর জে. মোল্লা সানি, ডিরেক্টর আনিসুর রহমান, ডিরেক্টর সালাহউদ্দিন সিমন। ডিরেক্টর জাহাঙ্গীর আল জয় ছিলেন না। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মিডিয়া প্রতিনিধি, কমিউনিটির সদস্য ও উদ্যোক্তারা এই ঐতিহাসিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মুহাম্মদ কাদের বলেন, ‘আমি এক দশকেরও বেশি সময় ধরে আমেরিকায় বাস করছি এবং দেখেছি কীভাবে আমাদের অনেকেই, বিশেষ করে নতুন প্রজন্ম, ছোট ব্যবসায়ী, ছাত্র—ছাত্রী ও পরিবার প্রধানরা ন্যায্যভাবে হালাল লোন, অটো লোন, ক্রেডিট কার্ড এবং অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা থেকেই আমার মধ্যে এই উদ্যোগের জন্ম। আমি চেয়েছি এমন একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে, যা হবে আমাদের মানুষের দ্বারা, আমাদের মানুষের জন্য এবং আমাদের মানুষের মালিকানায়।’
তিনি জানান, বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন একটি সদস্য—ভিত্তিক সমবায় ব্যাংক, যেখানে প্রতিটি সদস্যের সমান অধিকার থাকবে এবং মুনাফা সদস্যদের মাঝে বণ্টন হবে। এখানে ঋণপ্রাপ্তি হবে সহজ, স্বচ্ছ ও হালাল প্রক্রিয়ায়। সদস্যরা ৩% থেকে ৬% সুদে গাড়ি, ব্যবসা বা হোম লোন নিতে পারবেন, যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় অনেক বেশি সুবিধাজনক ও লাভজনক।
জনাব কাদের জানান, নিউইয়র্কের জামাইকায় হিলসাইড অ্যাভিনিউতে হবে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান কার্যালয়। পরবর্তী এক বছরের মধ্যে নিউইয়র্ক সিটির পাঁচটি এলাকায় শাখা চালু করার পরিকল্পনা রয়েছে এবং পরবর্তী পাঁচ বছরে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশী—আমেরিকানদের আর্থিক সেবা প্রদান করার লক্ষ্যে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ।তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বাপসনিউজকে জানিয়েছেন,এটা একটি অপকৌশল ,তিনশত লোকের কাছ থেকে এক হাজার করে ডলার সংগ্রহ করে তা আত্মসাৎ করার পরিকল্পনা রয়েছে ।কয়েক বছর পূর্বে কিছু বাংলাদেশি ব্যবসায়ী বিভিন্ন লোকের কাছ থেকে পুঁজি বিনিয়োগ এর নামে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে ।