সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় প্রধান আসামি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই নাইমুর রহমান। তার সঙ্গে ছিলেন এএসআই জালাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালে দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে চিহ্নিত মাদক কারবারি সবুজ শেখের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (৪২) এবং পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম (৪৫) কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি এবং বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪টি পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন সেট এবং নগদ ১ হাজার ৪৯৫ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান আসামি সবুজ শেখ পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার (১৩ এপ্রিল) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে স্থানীয় আব্দুল মজিদসহ একাধিক বাসিন্দা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদকের বিস্তার কমে আসবে এবং সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।