নিয়ামতপুরে শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 বুধবার দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত সোমবার রাতে নিয়ামতপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এক দম্পতি ও তাঁদের দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি সুলতানা এবং তাঁদের সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তার (৩)।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন নিহত হাবিবুর রহমানের ভগ্নিপতি শহিদুল ইসিলাম (৫০), দুই ভাগনে সবুজ রানা (২০) ও শাহিন হোসেন (৩৫)। তিনজনেরই বাড়ি বাহাদুরপুর গ্রামে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নমির উদ্দিনের ছয় ছেলে–মেয়ে। তাঁর একমাত্র ছেলে হাবিবুর রহমান। সম্প্রতি নমির উদ্দিন তাঁর ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি লিখে দেন। তিনি ১৭ বিঘা সম্পত্তির মধ্যে বসতবাড়িসহ ১৩ বিঘা সম্পত্তি ছেলে হাবিবুর রহমানকে লিখে দেন। বাকি সম্পত্তি পান তাঁর মেয়েরা। হাবিবুরকে বেশি সম্পত্তি লিখে দেওয়ায় বোন, ভগ্নিপতি ও ভাগনেদের সঙ্গে বিরোধ তৈরি হয়। বেশ কিছু দিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এটা নিয়ে গ্রাম্য সালিস বৈঠকও হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে শহিদুল ও সবুজ রানা পুলিশের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রামের একটি খড়ের পালা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রামের একটি পুকুর থেকে বুধবার ছুরি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *