শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং খুলনা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় নগরীর শহিদ হাদিস পার্কে পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তারই পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
পরে কেসিসির প্রশাসকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।