মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর নওগাঁ : বোরো মৌসুমে উৎপাদন খরচ বৃদ্ধি,প্রাকৃতিক দুর্যোগ, ও ন্যায্যমূল্য না পেয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা ব্যাপক লোকসান গুনছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে তারা বৃষ্টির পানির ওপর নির্ভরশীল কম খরচের আউশ ধান চাষে ঝুঁকছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যমতে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ সাশ্রয়ী ও খরা সহনশীল এই ফসল চাষে আগ্রহ বেড়েছে। ইতিমধ্যে আউশের মাটি প্রস্তুত করতে কৃষকেরা ব্যস্ত হয়ে উঠেছে।
কৃষকেরা জানিয়েছেন, জমিতে কম সেচে এ ধান চাষ হয়। কম সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় বলে এ ধান চাষে তুলনামূলক খরচ কম, লাভ বেশি।
দীর্ঘমেয়াদী বোরো চাষের চেয়ে আউশ চাষ মাটির স্বাভাবিক উর্বরতা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর (বরেন্দ্র অঞ্চল) থেকে সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে সরকারিভাবে প্রণোদনা ও উন্নত জাতের আউশের বীজ বিতরণ করা হয়েছে।
এখন এই অঞ্চলের কৃষকেরা আউশ চাষে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এ অঞ্চলে ৫৭ হাজার ৬৯৫ হেক্টর জমিতে আউশের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।